সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে দলই যথাসময়ে সিদ্ধান্ত নেবে।
সোমবার (২৭ জুলাই) রংপুর বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
বিএনপিকে ফ্যাসিবাদী বলা প্রসঙ্গে তিনি বলেন, যারা এ ধরনের মন্তব্য করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে তাদের দলের নেতারাই মূল্যায়ন করবেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মির্জা ফখরুল রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।











