• Home
  • প্রচ্ছদ
  • দেশের ৬২১ কারিগরিপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ
Image

দেশের ৬২১ কারিগরিপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে। এতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বোর্ড জানিয়েছে, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

এর আগে গত ২২ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইটে নোটিশ দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাব দিতে বলা হয়। কিছু প্রতিষ্ঠান ব্যাখ্যা দিলেও তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান এখনো কোনো জবাব দেয়নি।

যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে ব্যাখ্যা জমা দেয়নি, তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের আদেশে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হতে পারে।

শর্তগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থী ভর্তি, ফলাফল, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগারসহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা।

অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »