আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ত্বকি তাহমিদ। প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে সে। গত রবিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার এই ফলাফল প্রকাশিত হয়। ত্বকি আদমদীঘির হাজী তাছের আহমেদ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহরিমা আহমেদ রিমুর ছেলে।
জানা গেছে, ত্বকির বাবা মরহুম শহিদুল ইসলাম হাজী তাছের আহমেদ মহিলা কলেজে প্রদর্শক পদে চাকুরী করতেন। ২০২১ সালের ৭ আগস্ট করোনা মহামারিতে বাবাকে হারান ত্বকি। তারপর থেকে পরিবারের মানসিক সংকটের মধ্যেও মায়ের থেমে যায়নি ছোট্ট এই শিক্ষার্থী ত্বকির পড়াশোনা। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় সে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
ত্বকির মা তাহরিমা আহমেদ রিমু জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলে সে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করতে পেরেছে। আগামী দিনেও ত্বকি যেন তার মেধার আলো দিয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীরাও ত্বকীর এই কৃতিত্বে গর্বিত। ত্বকি জানায়, বড় হয়ে সে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৩ জন, বেসরকারি থেকে ৭ জন, সরকারি থেকে সাধারণ বৃত্তি ৭২ জন এবং বেসরকারি থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থী।
















