• Home
  • দেশ
  • পঞ্চগড়ে হত্যা চেষ্টা মামলার আসামী প্রকাশ্যে, অভিযোগ মামলার বাদীর
Image

পঞ্চগড়ে হত্যা চেষ্টা মামলার আসামী প্রকাশ্যে, অভিযোগ মামলার বাদীর

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামী আব্দুল হান্নান শেখের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ান জারি থাকলেও তিনি এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন। অভিযোগ বাদীপক্ষের। অভিযুক্ত মামলার আসামী উচ্চ আদালতে আগাম নিয়েছেন। সেই জামিনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে আব্দুল হান্নান শেখ জামিন নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

মামলার আসামী আব্দুল হান্নান শেখ প্রকাশ্যেই পঞ্চগড় সদর থানার নতুন ভবন নির্মাণ সহ জেলার বিভিন্ন কাজের ঠিকাদারী পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।এঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।আব্দুল হান্নান শেখ পঞ্চগড় শহরের বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী, ঠিকাদার এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পঞ্চগড় সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় হান্নান শেখ গত ৪ মে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। আদালত তাকে নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পাশাপাশি তদন্তে সহযোগীতা করা এবং মামলার সাক্ষীদের প্রভাবিত না করারও নির্দেশনা দেওয়া হয়।

সূত্রের দাবী, আগাম জামিনের মেয়াদ শেষ হলেও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। ফলে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বহাল রয়েছে বলে মামলার বাদীপক্ষ দাবী করেন ।

স্থানীয়দের অভিযোগ, পরোয়ানা বহাল থাকার পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন, ব্যবসা পরিচালনা করছেন এবং বিভিন্ন সরকারী উন্নয়ন প্রকল্পের কাজ তদারকী করছেন। এমনকি পঞ্চগড় সদর থানার নির্মাণাধীন নতুন ভবনের কাজও নিয়মিত দেখভাল করছেন। অথচ তাকে এখনো গ্রেফতার করা হয়নি।

মামলার বাদী বলেন, “উচ্চ আদালত শর্তসাপেক্ষে তাকে আগাম জামিন দিয়েছিলেন। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করেননি। এরপরও প্রকাশ্যে সরকারী কাজ করছেন। আইনের দৃষ্টিতে সবাই সমান হওয়া উচিত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল হান্নান শেখ বলেন, আমি এখনো জামিন নেইনি। বিনা জামিনে আছি। আমি কোনো জামিনের কাগজে স্বাক্ষর করিনি।নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চগড় আদালতের এক আইনজীবী বলেন, আগাম জামিন স্থায়ী জামিন নয়। নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন না করলে উচ্চ আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন সুরক্ষা কার্যকর থাকে না। এরপর মামলার আইনগত অবস্থান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বিষয়টি উচ্চ আদালতের আদেশের কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »