• Home
  • দেশ
  • চুরির ঘটনায় অস্থির কাউনিয়া, অপরাধী শনাক্ত ও মালামাল উদ্ধারে ধীরগতি
Image

চুরির ঘটনায় অস্থির কাউনিয়া, অপরাধী শনাক্ত ও মালামাল উদ্ধারে ধীরগতি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় একের পর এক চুরির ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। বাড়িঘর, দোকানপাট, মোটরসাইকেল, বাইসাইকেল, অটোরিকশা, সেচপাম্প ও সেচের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলেও অধিকাংশ চুরি হওয়া মালামাল উদ্ধার হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাটবাজার এমনকি ফসলের মাঠেও দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটছে। গত কয়েক মাসে একাধিক বাড়ি, সেচ ট্রান্সফরমার, সেচমোটর, বাইসাইকেল, মোটরসাইকেল ও অটোরিকশা চুরি হয়েছে। এসব ঘটনায় চোরচক্র শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

সর্বশেষ গত ১০ নভেম্বর সোমবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে প্রভাষক মোঃ আব্দুর রউফের বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটে। বাড়ির পেছনের গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘদিন ধরে বাড়িঘর, মসজিদ, হাটবাজার ও ফসলের মাঠকে লক্ষ্য করে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। তাঁদের দাবি, এলাকায় মাদক ও জুয়ার প্রবণতা বৃদ্ধির সঙ্গে চুরির ঘটনাও বাড়ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, দিনের বেলায়ও প্রকাশ্যে চুরির ঘটনা ঘটলেও অপরাধীদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। তাঁরা নিয়মিত পুলিশি টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং চোরচক্রের সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ বাদল কুমার মন্ডল বলেন, টেপামধুপুরের রাজিব গ্রামে বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »