ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের দিকে আসতে থাকেন।
এদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান অসন্তোষ নিরসনে গাজীপুরের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
রোববার (১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি জানান, জেলার কালিয়াকৈর ও সফিপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছেছেন। শিল্প পুলিশকে সহায়তা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।













