দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৭ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ের মধ্যে, হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫১ জন এবং ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৮৬ জন।
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজন শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৫ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৪ জন।
অধিদফতরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে আজ ২৯ অক্টোবর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দুই লক্ষ ২৬ হাজার ৩৫৭ জন। এরমধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫ জন। গত ১৫ মার্চ থেকে আজ ২৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ এক হাজার ৪৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৩ হাজার ৩০১ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৮৮৬ জন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৭৮ জন, বরিশাল বিভাগে ২২৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৩২ হাজার ১০৫ জনডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ যাবৎ মোট এক লাখ ২৫ হাজার ৪৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ছয় হাজার ২৫১ জন হাসপাতালে ভর্তি আছেন।২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।














