নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাম কে এম তাহসিন সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
বৃহস্পতিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।ফিরোজ উদ্দিন বলেন, “জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ”
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে উল্লেখ করেন নৌ পুলিশের কর্মকর্তা ফিরোজ উদ্দিন।তিনি বলেন, “তাহসিন সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল। ”
এ বিষয়ে বক্তব্য জানতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।














