• Home
  • বিনোদন
  • অভিনেত্রী মাধুরীর ৪৮ কোটির বিলাসবহুল ফ্ল্যাট, বাসা না যেন স্বর্গ
Image

অভিনেত্রী মাধুরীর ৪৮ কোটির বিলাসবহুল ফ্ল্যাট, বাসা না যেন স্বর্গ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও তার স্বামী ড. শ্রীরাম নেনে মুম্বইয়ের এক বিলাসবহুল সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টে বসবাস করেন, যার মূল্য প্রায় ৪৮ কোটি রুপি। ৫৩ তলায় অবস্থিত প্রায় ৫৫০০ বর্গফুটের এই বাসস্থানটি আধুনিক নকশা, শিল্পরুচি ও আরামদায়ক পরিবেশের এক অনন্য সমন্বয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থপতি অপরূপা শ্রুফের নকশায় নির্মিত এই বাড়ির প্রতিটি কোণেই রয়েছে শিল্প ও সৌন্দর্যের ছোঁয়া। বিভিন্ন ধরনের শিল্পকর্ম, আসবাব ও উপকরণ এমনভাবে সাজানো হয়েছে যে প্রতিটি আলাদাভাবে নজর কাড়লেও পুরো বাড়ির সঙ্গে চমৎকার সামঞ্জস্য বজায় রেখেছে।

২০২২ সালে অ্যাপার্টমেন্টটির কাজ চলাকালে মাধুরী দীক্ষিত এটিকে নিজের ‘বেবি’ বলে উল্লেখ করেছিলেন। তিনি চেয়েছিলেন বাড়িটি যেন নিখুঁত ও সৌন্দর্যমণ্ডিত হয়। স্থপতি অপরূপা শ্রুফ জানান, মাধুরী ও ড. নেনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় পুরো প্রকল্পটি সহজ ও দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছিল।

বাড়ির প্রবেশপথে রয়েছে একটি বড় কমলা রঙের দরজা, যার সঙ্গে যুক্ত আধা-বৃত্তাকার ভিনটেজ হ্যান্ডেল। ভেতরে ঢুকলেই চোখে পড়ে ক্রিম ও সাদা রঙের প্রশস্ত লিভিং রুম, যা কোনো দৃশ্যমান বিভাজন ছাড়াই ডাইনিং স্পেসের সঙ্গে যুক্ত। নীল-ধূসর রঙের সোফা ও ম্যাপল কাঠের আসবাব পুরো পরিবেশে এনেছে উষ্ণতা ও সৌন্দর্য।

অ্যাপার্টমেন্টজুড়ে শোভা পাচ্ছে কিংবদন্তি শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা মকবুল ফিদা হুসেনের একাধিক চিত্রকর্ম। আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মাধুরী জানান, একসময় হুসেন তার বাড়িকে যেন একটি মিউজিয়ামে রূপান্তর করতে চেয়েছিলেন। এমনকি দেয়ালে ছবি আঁকার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে অভিনেত্রী মজার ছলে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

ফ্ল্যাটের বারান্দা থেকে একদিকে দেখা যায় আরব সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে মুম্বই শহরের ব্যস্ত নগরজীবনের মনোমুগ্ধকর দৃশ্য। করিডর ধরে পৌঁছানো যায় পরিবারের অন্যান্য কক্ষে। দুই ছেলে আরিন ও রায়ানের জন্য আলাদা ঘর সাজানো হয়েছে নীল ও ধূসর রঙের শান্ত আবহে। সেখানে আধুনিক আলোকসজ্জা, হালকা কাঠের আসবাব ও সাদা পর্দার ব্যবহার ঘরগুলোকে করেছে আরামদায়ক।

ড. নেনের সবচেয়ে পছন্দের জায়গাগুলোর একটি হলো আধুনিক গুরমে কিচেন। কালো ও ধূসর রঙের এই রান্নাঘরটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে কাজ করা সহজ হয়। বড় জানালার কারণে রান্না করতে করতেই উপভোগ করা যায় শহরের দৃষ্টিনন্দন দৃশ্য।
দম্পতির শোবার ঘরে রয়েছে ধূসর রঙের দেয়াল, বড় ওয়ারড্রোব, ইনডোর গাছপালা এবং সাদা কুশনযুক্ত কিং-সাইজ বেড। নীল রঙের চেয়ার, শিল্পকর্ম ও সাদা পর্দা ঘরটিতে যোগ করেছে আলাদা মাত্রা।

এ ছাড়া বাড়ির অন্যতম আকর্ষণ একটি মিউজিক রুম। পরিবারের সবাই এখানে সময় কাটান। দেয়ালে সাজানো গিটার, ড্রাম সেট, হোম থিয়েটার এবং আরামদায়ক বসার ব্যবস্থা এই কক্ষকে পারিবারিক আড্ডা ও সংগীতচর্চার আদর্শ জায়গায় পরিণত করেছে।বাড়িটির নকশা সম্পন্ন হওয়ার পর ডিজাইনার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, “একটি তারকাখচিত বাড়ি! মাধুরী দীক্ষিত নেনে ও ড. শ্রীরাম নেনের জন্য কয়েক দিনের মধ্যেই এভাবেই তৈরি হয়েছে এই জাদুকরী আবাস।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »