বলিউডের তারকা, ব্যবসায়ী ও বিনোদনজগতের পরিচিত মুখদের ভিড়ে জায়গা করে নিয়েছেন ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ভারতের ভবিষ্যৎ গঠনে সম্ভাবনাময় ১০০ ব্যক্তিত্বকে নিয়ে টাইম ম্যাগাজিনের প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় স্থান পেয়েছেন এই বিস্ময়বালক।
তালিকার ‘ইনোভেটরস’ বিভাগে রয়েছেন বৈভব সূর্যবংশী। একই বিভাগে জায়গা পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও। অন্যদিকে, ‘আর্টিস্টস’ বিভাগে থাকা অভিনেত্রী আলিয়া ভাট। সাময়িকীটির প্রচ্ছদেও রয়েছে তার ছবি।
বৈভবকে নিয়ে টাইম ম্যাগাজিনে লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ভারতীয় ক্রিকেটে এই কিশোরের প্রভাব ও সম্ভাবনার প্রশংসা করে তিনি লিখেছেন, ‘মাঠে যখন সে ক্রিকেট ব্যাট ঘোরায়, বৈভব সূর্যবংশী আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ তাদেরই, যারা ভিন্নভাবে চিন্তা করতে পারে। সে একজন বিস্ময়কর ক্রীড়াপ্রতিভা।’
১০০ জনের এই তালিকায় ক্রিকেটার হিসেবে বৈভবের সঙ্গে আছেন ভারতের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হারমানপ্রীত কৌর। ক্রীড়াঙ্গনের অন্য পরিচিত মুখদের মধ্যে রয়েছেন অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই, টেনিস তারকা সানিয়া মির্জা, হকি গোলরক্ষক সবিতা পুনিয়া এবং অ্যাথলেট ভিথিয়া রামরাজ।
তালিকার অন্য বিশিষ্টজনদের মধ্যে আলিয়া ভাটকে নিয়ে লিখেছেন চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি এবং আরিয়ান খানের পরিচিতি তুলে ধরেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।
টাইমের আন্তর্জাতিক ‘টাইম১০০ নেক্সট’ উদ্যোগের প্রথম ভারতকেন্দ্রিক সংস্করণ হলো ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’। এটি কোনো ক্রমতালিকা নয়; ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত টাইমের সাংবাদিকেরা বিভিন্ন ক্ষেত্রে অবদান এবং ভবিষ্যতে প্রভাব বিস্তারের সম্ভাবনা বিবেচনা করে এই ১০০ জনকে নির্বাচন করেছেন।

















