• Home
  • বিনোদন
  • ঐতিহাসিক ফরাসি-বাংলা ফিউশন নভেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশে
Image

ঐতিহাসিক ফরাসি-বাংলা ফিউশন নভেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশে

ঐতিহাসিক ফরাসি-বাংলা ফিউশন আগামী নভেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশে পরিবেশিত হতে যাচ্ছে। ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করবে। আগামী ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে ফরাসি ও বাংলা অপেরার ঐতিহাসিক ফিউশন পরিবেশন করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’ প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’র প্রথম বর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান।

আগামী ১১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১১ দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। সাংস্কৃতিক আয়োজনের মধ্যে থাকবে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান বলেন, দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম প্রদানের স্বপ্ন নিয়ে আজ থেকে তিন বছর আগে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল এবং ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রেশন লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ক্লাবটি তাদের প্রশংসিত নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’র দুই শতাধিক পর্ব সফলভাবে সম্পন্ন করেছে।

তিনি বলেন, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবটি তিনটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। প্রথমত, ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান শিল্পীদের খুঁজে বের করতে দেশব্যাপী ‘অ্যাটেলিয়ার অ্যাওয়ার্ড : ইয়াং পেইন্টার্স অব টুমরো’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে মধ্য থেকে আগামী দিনের সেরা চিত্রশিল্পীদের প্রতিষ্ঠিত করবে ক্লাব।

দ্বিতীয়ত, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় ১১ থেকে ২০ নভেম্বর ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব হবে। যেখানে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন, হাসন রাজা, মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল, হাজংসহ বিভিন্ন ঐতিহ্যের সংগীত পরিবেশন করা হবে।

সর্বশেষ সমাপনী অনুষ্ঠানে আগামী ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে ফরাসি ও বাংলা অপেরার ঐতিহাসিক ফিউশন পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সমাপ্ত হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফরাসি দূতাবাসের মিশন উপপ্রধান ফ্রেড্রিক ইনজা, দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতিনিধি সংগীতশিল্পী মাহফুজার রহমান ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ার লোরো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »