ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬-এর আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে প্রাথমিকভাবে উপজেলার তিনটি ইউনিয়ন ও ফেনী পৌরসভার তিনটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।
গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা।
উপজেলা প্রশাসন, ফেনী সদরের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে পরিচালিত এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে ফরহাদনগর, ছনুয়া ও লেমুয়া ইউনিয়ন এবং ফেনী পৌরসভার ৩, ৬ ও ১৪ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ইউএনও সুলতানা নাসরীন কান্তা জানান, তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। এ জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩০টি ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, ফেনী সদর উপজেলায় ১২৮ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার এবং ফেনী পৌরসভায় ৯৩ জন তথ্য সংগ্রহকারী ও ৯ জন সুপারভাইজার এ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের নামে কোনো ব্যক্তি বা চক্রকে অর্থ না দেওয়ার জন্য সতর্ক করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি প্রতারণার শিকার না হতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। এ কর্মসূচি সম্পর্কে সঠিক তথ্য প্রচার এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
প্রেস কনফারেন্সে ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বকুল উপস্থিত ছিলেন।

















