অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। রোববার (৩০ আগস্ট) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে আসর থেকে ছিটকে গেছে শামিম পাটোয়ারি ও সাব্বির রহমানদের দল।
ডারউইনের গার্ডেন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি। শুরুতে দ্রুত রান তোলার আভাস দিলেও শেষ পর্যন্ত ১৭.১ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় ইরফান শুক্কুরের দল।
বাংলাদেশের হয়ে জিসান আলম ৩০ এবং আরিফুল ইসলাম ১৯ রান করেন। তবে জাতীয় দলে খেলা সাব্বির রহমান, শামিম পাটোয়ারি ও অধিনায়ক ইরফান শুক্কুর ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ভিক্টোরিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন উইল সাদারল্যান্ড। তিনি ৪টি উইকেট শিকার করেন।
১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিও শুরুতেই ধাক্কা খায়। মাত্র ১ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ক্যাম্পবেল ক্যালাওয়ে।শেষ দিকে স্পিনার মোহাম্মদ রুবেলের ঘূর্ণিতে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের। রুবেল ৩টি এবং শামিম পাটোয়ারি ২টি উইকেট নিয়ে ভিক্টোরিয়ার ওপর চাপ তৈরি করেন।
তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশ। ইনিংসের শেষ ওভারে ২ বল বাকি থাকতেই ৯ উইকেট হারিয়ে লক্ষ্য স্পর্শ করে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। ফলে ১ উইকেটের নাটকীয় জয়ে ফাইনালে উঠে যায় তারা। আর সেমিফাইনাল থেকেই টুর্নামেন্ট শেষ হয় বাংলাদেশের এইচপি দলের।


















