• Home
  • বিনোদন
  • হঠাৎ ফেসবুক ছাড়লেন সংগীতশিল্পী আসিফ আকবর, কেন এই সিদ্ধান্ত?
Image

হঠাৎ ফেসবুক ছাড়লেন সংগীতশিল্পী আসিফ আকবর, কেন এই সিদ্ধান্ত?

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই বেশ সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের কাজ, ব্যক্তিগত ভাবনা কিংবা সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিতই ফেসবুকে সরব ছিলেন তিনি।তবে হঠাৎ করেই সেই প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই শিল্পী। ইতোমধ্যে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানান আসিফ আকবর। একইসঙ্গে কেন ফেসবুক থেকে দূরে সরে গেলেন, সেটিও খোলাসা করেছেন তিনি।

ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’

তার ভাষ্য, বর্তমানে ফেসবুকে কোন তথ্য সত্য আর কোনটি গুজব- তা আলাদা করাই কঠিন হয়ে পড়েছে। যাচাই-বাছাই ছাড়াই নানা খবর ছড়িয়ে পড়ায় অনেক সময় তারকাদেরও বিড়ম্বনায় পড়তে হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুল তথ্যের কারণে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন আসিফ। তার দাবি, অনেক সময় তার নামে এমন বক্তব্য ছড়িয়ে পড়ে, যা তিনি কখনোই দেননি।

আসিফ আকবর বলেন, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য- বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’

পরে সংশ্লিষ্টরা বিষয়টি যাচাই করে দেখেন এবং সত্যতা প্রকাশ করতে হয়। তার মতে, এ ধরনের পরিস্থিতি শুধু বিব্রতকরই নয়, এর সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও জড়িত।

আসিফ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। বিশেষ করে তারকাদের নিয়ে কোনো বক্তব্য, মন্তব্য কিংবা খবর প্রকাশের ক্ষেত্রে সামান্য ভুলও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

তার মতে, তথ্য যাচাইয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না হলে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিভ্রান্তির মধ্যে পড়বেন। আর সেই বিভ্রান্তির দায় অনেক সময় এসে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই।

ফেসবুকের এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ আকবর। এরই মধ্যে ডিঅ্যাক্টিভ করা হয়েছে তার ফেসবুক অ্যাকাউন্ট।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরে গেলেও সংগীত থেকে দূরে যাচ্ছেন না এই শিল্পী। গান নিয়ে বরাবরের মতোই ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শোতেও অংশ নিচ্ছেন আসিফ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »