• Home
  • বিনোদন
  • সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের উন্মাদনার গল্প, আসছে ‘লাভ ৯৬’
Image

সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের উন্মাদনার গল্প, আসছে ‘লাভ ৯৬’

ঢাকাই সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহর জীবনী কিংবা তার মৃত্যুরহস্য নয়, বরং তাকে কেন্দ্র করে নব্বইয়ের দশকে সারাদেশে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ ও ভক্তদের পাগলামির গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। তরণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।

গত ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নির্মাতার দাবি―‘লাভ ৯৬’র গল্প, নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের আবেগঘন উপস্থাপনা বোর্ডের সদস্যদের কাছে প্রশংসিত হয়েছে।

ইভান মল্লিক বলেন, আমাদের সবার প্রিয় অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। আর তার ঠিক দু’দিন আগে, অর্থাৎ ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সারাদেশে মুক্তি দেয়া হবে ‘লাভ ৯৬’। এটি যেহেতু সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। তবে এখানে আছে শুধু সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সোনালী সময়কে ফিরে দেখার চেষ্টা।

জানা গেছে, ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড কেনা, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে পছন্দের অনুষ্ঠানের জন্য অধীর অপেক্ষা—নব্বইয়ের দশকের এসব স্মৃতিই এখন অনেকের কাছে রঙিন নস্টালজিয়া।

ঠিক সেই সময় বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে সালমান শাহর। অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই তিনি বদলে দেন বাংলা চলচ্চিত্রের চেনা ধারা। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর সংবাদ পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মহুতির পথও বেছে নিয়েছিলেন। সেই আবেগঘন সময়, সালমান শাহকে ঘিরে ভক্তদের উন্মাদনা এবং এক অন্ধ ভক্তের জীবনকাহিনিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’।

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘লাভ ৯৬’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিবা শানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »