কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত জনগণের মুখোমুখি হয়ে কাউনিয়ার বিভিন্ন এলাকার মানুষের নানা সমস্যা ও দাবির কথা সরাসরি শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
কাউনিয়া উপজেলা অডিটরিয়ামে তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণকে নিয়ে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি তাঁর ত্রৈমাসিক মতবিনিময় কর্মসূচির দ্বিতীয় পর্ব। সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ, স্থানীয় প্রতিনিধি, এনসিপির নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সাধারণ জনগণ এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসাসেবা, নদীভাঙ্গন, এলাকার উন্নয়নসহ ব্যাক্তিগত বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এ সময় এমপি আখতার হোসেন উপস্থিত সকল মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু সমস্যা তাৎক্ষণিক ভাবে সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অন্য সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।
আখতার হোসেন বলেন, “জনগণের সেবা নিশ্চিত এবং এলাকর উন্নয়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। নাগরিকদের দুর্ভোগ লাঘবে আমরা সব সময় জনগণের পাশে আছি এবং থাকব।” তিনি আরও বলেন, তৃণমূলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানতেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। জনগণের মতামত ও অভিযোগের ভিত্তিতে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাধারণ জনগণ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।















