পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিনত এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। জানা যায় বিজিবির সীমান্ত রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
একই সঙ্গে এই প্রশিক্ষণের মাধ্যমে ৩০ জন বেকার যুবককে ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’-এর ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে, যা তাদের আত্মকর্মসংস্থান ও পরিবারের আর্থিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। এ ছাড়া সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম মূল লক্ষ্য বলে জানায় বিজিবি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস।
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। এ ছাড়া এ ধরনের প্রশিক্ষণ সীমান্ত এলাকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি একটি নিরাপদ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
















