Image

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। এক দিনে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি কমেছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি তেহরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান বাতিল করেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের অন্যতম বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল।

তিনি আরও বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সম্ভাব্য একটি চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। ওই চুক্তির কাঠামোর মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকি দূর করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, বিশ্বের স্থিতিশীলতা এবং সমৃদ্ধ ইরানের স্বার্থ বিবেচনায় তিনি হামলা স্থগিত করতে সম্মত হয়েছেন। তবে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়াই এ সিদ্ধান্তের প্রধান শর্ত।

ট্রাম্পের এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামে বড় পতন ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে দাঁড়ায়।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করলে এবং ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর বৈশ্বিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »