আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে আইসক্রিম উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা এবং প্রায় ১০ লাখ টাকার প্রস্তুত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় আশা আইসবার ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযানকালে উপস্থিত ছিলেন বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন।
বিএসটিআই সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। পরে সেসব আইসক্রিম সান্তাহারসহ আশপাশের বিভিন্ন গ্রাম ও শহরের খুচরা দোকানে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয় এবং সেখানে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক প্রস্তুত ও আধা-প্রস্তুত আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













