কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামে কুকুরের কামড়ে নাহিদ মিয়া (৫) নামে এক শিশুর বাম হাতের বৃদ্ধাঙ্গুলি (বুড়ো আঙুল) বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের বাসিন্দা নয়ন মিয়ার ছেলে নাহিদ মিয়া বাড়ির পাশের রাস্তার ধারে খেলছিল। এ সময় হঠাৎ একটি কুকুর এসে তার ওপর আক্রমণ চালায়। কুকুরটি নাহিদের বাম হাতে কামড় দিলে তার বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া হাতের অন্যান্য আঙুলেও গুরুতর ক্ষত সৃষ্টি হয়।
স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, কাউনিয়া উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিশুরা প্রায়ই কুকুরের আক্রমণের ঝুঁকিতে থাকছে। স্থানীয় বাসিন্দারা দ্রæত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।















