রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আবেদন করা হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউর গাজী এমএইচ তামীম। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।এরপর আসামিপক্ষের শুনানির জন্য সময়ের আবেদন জানালে ২ আগস্ট দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
এই মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। এদিন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ পলাতক আসামিরা হচ্ছেন—ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
















