আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ভেঙে দিতে যুক্তরাষ্ট্র সর্বাত্মক পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি অন্যান্য দেশকে এ উদ্যোগে ওয়াশিংটনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার দেওয়া এক বক্তব্যে রুবিও অভিযোগ করেন, আইসিসি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র নয়, বরং ‘তথাকথিত আন্তর্জাতিক আইনের’ মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য, ট্রাম্প প্রশাসন আইসিসির বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে।
যুক্তরাষ্ট্র ও আইসিসির বিরোধ নতুন নয়। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করলে আইসিসির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি ঘটে। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনও যুক্তরাষ্ট্র ও ইসরাইল–সংক্রান্ত তদন্তের জেরে আইসিসির কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, এবার শুধু নিষেধাজ্ঞা নয়, আইসিসির বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতেও কাজ করছে যুক্তরাষ্ট্র। যেসব দেশ আইসিসির এখতিয়ার প্রত্যাখ্যান করবে না, তারা ভবিষ্যতে মার্কিন সহায়তা কমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
একই দিনে ওয়াল স্ট্রিট জার্নাল–এ প্রকাশিত এক মতামত নিবন্ধে রুবিও লিখেছেন, সরকারের হাতে থাকা সব ধরনের কূটনৈতিক, অর্থনৈতিক ও আইনি উপায় ব্যবহার করে এবং মিত্র দেশগুলোর সহযোগিতায় ধাপে ধাপে আইসিসিকে দুর্বল করা হবে।
পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানান, সম্ভাব্য পদক্ষেপের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা, ভিসা বাতিল এবং আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকতে পারে।
তিনি আরও বলেন, যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে অথবা যারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার অংশীদার, তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা মার্কিন কর্মকর্তা ও সেনাসদস্যদের বিচারসংক্রান্ত আইসিসির দাবি প্রত্যাখ্যান করে।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত নিবন্ধে রুবিও আরও অভিযোগ করেন, আইসিসি ‘বামপন্থী এনজিও, বৈশ্বিকতাবাদী গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রবিরোধী কয়েকটি দেশের’ প্রভাবের মধ্যে পরিচালিত হচ্ছে।
এদিকে মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ফর দ্য অ্যারাব ওয়ার্ল্ড নাউ (ডন)–এর নির্বাহী পরিচালক ওমর শাকির রুবিওর বক্তব্যের সমালোচনা করেছেন। সিএনএনকে তিনি বলেন, তাদের সংস্থা কেবল ইরান যুদ্ধ চলাকালে সংঘটিত সম্ভাব্য সব যুদ্ধাপরাধের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। রুবিও তাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করেছেন বলেও দাবি করেন।
















