• Home
  • বিনোদন
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম
Image

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক শামসুল আলম।বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড রবিবার এই প্রার্থিতা ফিরিয়ে দেয়।বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও আপিল বোর্ডের চেয়ারম্যান মাহবুবা খাতুন মিনু এই রায় প্রদান করেন।

পরপর দুই বার একই পদে দায়িত্ব পালন করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না মর্মে গত ৫ জুলাই খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থিতা বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন বোর্ড। এরপর প্রার্থিতা ফিরে চেয়ে গত ৭ জুলাই আপিল বোর্ডে আবেদন করে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম।

সকল তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থিতা ফিরিয়ে দেয় আপিল বোর্ড। এই রায়ের পর খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা রইলো না।

খোরশেদ আলম খসরু বলেন, আপিল বোর্ডের সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্তের কারণে আমি ন্যায়বিচার পেয়েছি। আপিল বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। এই প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শামসুল আলম বলেন, আপিল বোর্ডের এই রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে বলেই আমি মনে করি। আগামী ৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বিজয়ী ও বিজিতদের সঙ্গে নিয়ে আমরা সবাই চলচ্চিত্র শিল্পকে সফলতার পথে এগিয়ে নিতে পারবো বলে আশা প্রকাশ করছি।

আপিল বোর্ডের রায়ের বিষয়ে জানতে চাইলে চলচ্চিত্র সাংবাদিক আহমেদ তেপান্তর বলেন, সাহিত্য সংস্কৃতি অঙ্গনগুলোকে সব ধরনের রাজনীতির বাইরে রাখা উচিত। বিগত সরকারের রাজনৈতিক ট্যাগের কালচার এখানে যেন ফিরে না আসে সেটাই আমরা চাই। বর্তমান সরকার চলচ্চিত্র নিয়ে বিশ্বজয়ের যে স্বপ্ন দেখছে, এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টার কথা বারবার বলছে সেজন্য প্রযোজক সমিতির নির্বাচন খুবই জরুরি। আমি বলবো আপিল বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পেশাদার প্রযোজকদের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে-এটাই সবাই দেখতে চায়।

আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য প্রযোজক পরিবেশক সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে খোরশেদ আলম খসরু-শামসুল আলম এবং আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল-কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু পরিষদ। দুই প্যানেলে এবার মোট ৪২ জন প্রযোজক প্রতিদ্বন্দ্বিতা করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »