স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বল্পতা। এ সংকট মোকাবিলায় সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং স্বাস্থ্যখাতে নতুন উদ্ভাবন ও উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে জনসংখ্যা বেশি, কিন্তু স্বাস্থ্যসেবা দেওয়ার মানুষ কম। এটি আমাদের স্বাস্থ্যখাতের একটি বড় অসুবিধা।
প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছেন বলে জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা খাত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ খাতে নতুন উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক খ্যাতনামা চিকিৎসক রয়েছেন, যাদের অনেকে নতুন নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করছেন। পাশাপাশি দেশের ওষুধের গুণগত মান আন্তর্জাতিক মানের বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আমরা ডেঙ্গু নিয়েও লড়াই করছি। তবে আগের সরকারগুলোর তুলনায় এবার পরিস্থিতি মোকাবিলায় অনেক ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে উদ্ভাবন, দক্ষ জনবল তৈরি এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।




















