• Home
  • দেশ
  • হাত নয়, পা-ই তার কলম;

    অদম্য সাহসে এইচএসসি পরীক্ষায় কাউনিয়ার কলি রানী
Image

হাত নয়, পা-ই তার কলম;

অদম্য সাহসে এইচএসসি পরীক্ষায় কাউনিয়ার কলি রানী

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না এ কথারই উজ্জ্বল দৃষ্টান্ত রংপুরের কাউনিয়া উপজেলার কলি রানী (১৮)। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা সত্তে¡ও হাতের বদলে ডান পা দিয়ে লিখে এবার ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।

কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী কলি রানী কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। উপজেলার গদাই গ্রামের বাসিন্দা কলি রানী রুপালী রানীর কন্যা। ছোটবেলায় বাবাকে হারানোর পর নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখা থামিয়ে দেয়নি সে। তিন ভাই ও তিন বোনের মধ্যে পলি সবার ছোট।

কলি রানীর মা রুপালী রানী জানান, জন্ম থেকেই তার মেয়ের হাতের আঙুল নেই, হাত ছোট ও বাঁকা হওয়ায় কলম ধরতে পারে না। কিন্তু মেয়ের অদম্য ইচ্ছাশক্তি তাকে হার মানতে দেয়নি। ছোটবেলা থেকেই ডান পা দিয়ে লেখা অনুশীলন শুরু করে পলি। দীর্ঘ চর্চার মাধ্যমে এখন সে স্বাভাবিক গতিতেই লিখতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সহপাঠীদের উপহাসের শিকার হতে হয়েছিল তাকে। তবে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহে সেই কষ্ট কাটিয়ে সামনে এগিয়ে যায় পলি। পরবর্তীতে সহপাঠীরাও তাকে আপন করে নেয়। পঞ্চম শ্রেণিতে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়ে নিজের মেধার প্রমাণ দেয় সে।

এরপর কাউনিয়া বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতেও এ গ্রেড পায়। কলি রানী জানায়, তার স্বপ্ন একজন প্রশাসনিক কর্মকর্তা হওয়া। মানুষের সেবা করাই তার জীবনের লক্ষ্য। সে বিশ্বাস করে, ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই মানুষের স্বপ্ন পূরণে প্রতিবন্ধক হতে পারে না।
কাউনিয়া কলেজের অধ্যক্ষ বলেন, “কলি কখনো প্রতিবন্ধকতাকে অজুহাত বানায়নি। নিয়মিত ক্লাস করেছে, পড়াশোনায় মনোযোগী এবং ভদ্র ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে সবার কাছে পরিচিত।”

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী হিসেবে রানীর সব কিছু করছেন। এছাড়া তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ করে কলি রানীর পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তার উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করে বোর্ডে পাঠানো হয়েছে।

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কলি রানী আজ শুধু কাউনিয়া বা রংপুরের নয়, বরং দেশের অসংখ্য স্বপ্নবাজ তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »