পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।মঙ্গলবার (৩০ জুন) লাহোরের কাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বলেন, দুর্ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়। আহত পাঁচ শিশুর চিকিৎসা চলছে।উদ্ধারকর্মীরা জানান, ছাদ ধসে পড়ার সময় কোচিং সেন্টারের ভেতরে ৩০ জনের বেশি শিশু ক্লাসে উপস্থিত ছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় শিক্ষার্থীদের ক্লাস চলাকালে ছাদ ধসে পড়ে।ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: জিও নিউজ














