বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসো কার্যালয়ে পৌঁছান তিনি। কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন সংশ্লিষ্টদের চমকে দেয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পৌঁছে প্রধানমন্ত্রী স্পারসোর প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। তিনি সেখানে কর্মরত বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরবর্তীতে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাঁদের উদ্ভাবন, চলমান গবেষণা এবং প্রযুক্তিগত কার্যক্রমের বিস্তারিত চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশবিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।



















