২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাসের জন্ম দিল আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দলটি। গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হয়ে শেষ ৩২-এ ওঠা কেপ ভার্দের সামনে এবার অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন চ্যালেঞ্জ।
শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের তৃতীয় মিনিটে সৌদি আরবের সৌদ আবদুলহামিদ এবং অষ্টম মিনিটে কেপ ভার্দের ওয়াগনার পিনা হলুদ কার্ড দেখেন।
প্রথমার্ধে ৩২ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন সৌদি ডিফেন্ডার হাসান আল তামবাক্তি, যা দলটির রক্ষণভাগে কিছুটা প্রভাব ফেলে। বিরতির ঠিক আগে ৪৬ মিনিটে মোহাম্মদ কান্নোর হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের জন্য একাধিক সুযোগ তৈরি করে। ৪৭ মিনিটে জামিরো মন্তেইরোর শট প্রতিহত করেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। এরপর ৬৬ মিনিটে মোহাম্মদ আবু আল শামাতের জোরালো প্রচেষ্টা রুখে দেন ভোজিনহা। ৭৪ মিনিটে লারোস দুয়ার্তের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে আবারও দলকে বাঁচান আল ওয়াইস। যোগ করা সময়ের ৯২ মিনিটে আবদুল্লাহ আল হামদ্দান সহজ একটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে গোলশূন্য ড্র নিয়েই শেষ হয় ম্যাচ।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ঐতিহাসিক সাফল্যের আনন্দে মেতে ওঠে কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই অপরাজিত থেকে নকআউট নিশ্চিত করে আফ্রিকার দলটি।
একই গ্রুপের অন্য ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। আর রানার্সআপ হিসেবে ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।




















