• Home
  • বিনোদন
  • প্রথমবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আদনান আল রাজীব
Image

প্রথমবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আদনান আল রাজীব

বিজ্ঞাপনচিত্র দিয়ে যাত্রা করলেও দক্ষতা বলে পরবর্তীতে ছোটপর্দায় কাজ শুরু করে আলোড়ন সৃষ্টির পর এবার বড়পর্দায় পা রাখছেন নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিজ্ঞাপন ও নাটক উপহার দিলেও এবারই প্রথমবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। শুক্রবার (১২ জুন) এ সুখবর নিজেই জানিয়েছেন এই নির্মাতা।

এদিন বেলা ১১টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে সিনেমা নির্মাণ করতে যাওয়ার ঘোষণা দেন আদনান আল রাজীব। শুরুতেই বিজ্ঞাপন নির্মাণের শুরুর সময়ের স্মৃতিচারণ করে লিখেছেন, ‘অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম “কাছে আসার গল্প”। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব।’

এ নির্মাতা ক্যারিয়ারের বিভিন্ন সময়ের চড়াই-উতরাইয়ের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। লিখেছেন, ‘স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’

তিনি লিখেছেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি, কেটেছি; আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।’

তবে অবশেষে তার কাঙ্ক্ষিত গল্পটি পূর্ণতা পেয়েছে বলেও জানিয়েছেন আদনান আল রাজীব। তাই তো সবশেষ তিনি লিখেছেন, ‘হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’

এদিকে এ তরুণ নির্মাতা সিনেমা নির্মাণের ঘোষণা দিলেও এর নাম, অভিনয়শিল্পী কিংবা শুটিং কবে থেকে শুরু করা হবে―এসব ব্যাপারে কিছুই জানাননি। তবে তার নতুন এই অধ্যায়ের জন্য ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »